সমন্বয়হীনতা ও উন্নয়নমূলক কাজে জনপ্রতিনিধিদের মতামতের গুরুত্ব না দেওয়ার অভিযোগে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা বর্জন করেছেন ১২ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ। তবে মাসিক সমন্বয় সভায় চেয়ারম্যানদের অনপস্থিতি বিষয়টি বর্জন কি না তা উপজেলা নির্বাহী কর্মকর্তা অবগত নন বলে জানান।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসোসিয়েশন ও কয়েকজন চেয়ারম্যানের সাথে কথা বলে জানা গেছে, সরকারের বিভিন্ন উন্নয়ন কাজের পরিকল্পনা ও বাস্তবায়ন করার ক্ষেত্রে ইউনিয়ন পরিষদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কিন্তু গত কয়েক মাস ধরে ইউপি চেয়ারম্যানদের সাথে সমন্বয় না করেই উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন এককভাবে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করে যাচ্ছে।
চেয়ারম্যানদের অভিযোগ, সভায় সিদ্ধান্ত গৃহিত হলেও বাস্তব ক্ষেত্রে তা বাস্তবায়ন করা হয় না। ২০২২-২৩ অর্থবছরে উপজেলায় বরাদ্দকৃত গভীর নলকূপ স্থাপনে ইউপি চেয়ারম্যানদের সাথে উপজেলা পরিষদের চেয়ারম্যানের বরাদ্দ বন্টন নিয়ে সমন্বয়হীনতায় দীর্ঘ সময় পার করা হয়। ২০২৩ অর্থবছরে কর্মসৃজন প্রকল্পের কাজ নিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ১২ ইউপির চেয়ারম্যানের সমন্বয়হীনতা ও উপজেলায় ১২টি ইউনিয়নে কৃষকদের মাঝে প্রণোদনা দেওয়ায় সংশ্লিষ্ট চেয়ারম্যান ও ইউপি সদস্যদের প্রাধান্যতা না দেওয়া, ১২টি ইউনিয়ন পরিষদে বিভিন্ন সড়কে সেতু, কালভার্ট ও রাস্তা নির্মাণে সংশ্লিষ্ট চেয়ারম্যানদের সুপারিশ গ্রহণ না করা ও প্রাধান্যতা দেওয়া হয় না। উদ্ভূত এ পরিস্থিতির কারণে সোমবার উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় ১২ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা অনেকটা ক্ষোভে উপস্থিত হননি বলে জানা গেছে।

জানা গেছে, সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা শুরু করা হয়। এতে উপজেলা চেয়ারম্যান মো. মোকছেদুর রহমান লেবুর সভাপতিত্বে ও ইউএনও খৃষ্টফার হিমেল রিছিলের সঞ্চালনায় শুরু হয়ে সাড়ে ১২টার দিকে সভা শেষ হয়। সেই সভায় সমন্বয়হীনতা ও মূল্যায়ন না করার অভিযোগে উপজেলার ১২টি ইউনিয়নের চেয়ারম্যানগণ অনুপস্থিত ছিলেন বলে জানা গেছে।
ইউপি চেয়ারম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও নালিতাবাড়ী সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বলেন, বিভিন্ন উন্নয়নমূলক কাজে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে সমন্বয় না করা ও সকল অফিসের কার্যক্রমে ইউপি চেয়ারম্যানদের কোন প্রকার মূল্যায়ন না করায় উপজেলা পরিষদের মাসিক সভা বর্জন করেছি। সভায় পরিপত্র অনুযায়ী জনপ্রতিনিধিদের ইউনিয়ন পরিষদের কি চাওয়া-পাওয়া রয়েছে, সেই সম্পর্কে আলোচনা করা হবে। কিন্ত সভায় আইলাম আর গেলাম এছাড়া তো কিছুই অয় না। মূলত কোন অফিসই চেয়ারম্যানদের মূল্যায়ন করে না। এইসব ক্ষোভ থেকেই আমরা ইউপি চেয়ারম্যানেরা সভা বর্জন করেছি।
এ বিষয়ে ইউএনও খৃষ্টফার হিমেল রিছিল বলেন, সমন্বয়হীনতার অভিযোগে চেয়ারম্যানরা সভায় আসেননি বিষয়টি সত্য নয়। সভা শুরুর আগে আমি নিজেও কয়েকজন চেয়ারম্যানকে সভায় আসতে ফোন দিয়েছি । তারা আসছেন বলে আমাকে জানিয়েছেন কিন্ত পরে সভায় কোন চেয়ারম্যান উপস্থিত হননি।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোকছেদুর রহমান লেবু বলেন, মাসিক সমন্বয় সভার নতুন সময়সূচি করা হয়েছে। উল্লেখযোগ্য কোন ইস্যু না থাকায় দ্রুত সভা শেষ করা হয়েছে। ইউপি চেয়ারম্যানদের উপস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, কোন ইউপি চেয়ারম্যান সভায় উপস্থিত ছিলেন না। তবে কেন সভায় তারা আসেননি, এটাতো আমার জানা নেই।









