প্রায় ৯ বছর পর শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীতে নির্মিত রাবারড্যাম ও একই নদী থেকে প্রবাহিত দুদুয়ার খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ এর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৭ জুলাই শুক্রবার দিনব্যাপী শহরের তারাগঞ্জ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে এই মির্বাচম অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও জেলা সমবায় কর্মকর্তা আবুল কাশেম ও সদস্য সচিব উপজেলা সমবায় কর্মকর্তা আমির হোসেন।

জানা গেছে, ১৯৯৬ সালে নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ও মরিচপুরান ইউনিয়নের মধ্যে জামিরাকান্দা এলাকায় ভোগাই নদীর ওপর ১০ কোটি টাকা ব্যয়ে ১০০ মিটার দৈর্ঘ্যের রাবার ড্যাম কাম সেতুটি নির্মাণ করা হয়। শুষ্ক মৌসুমে এই রাবার ড্যামের মাধ্যমে আট কিলোমিটার নদীর উজানে পানি মজুত করা হয়। এই পানি ১১টি খালের মাধ্যমে পৌরসভাসহ উপজেলার সাতটি ইউনিয়নের প্রায় ১০ হাজার একর আবাদি জমি সেচ সুবিধা পায়।
তবে নির্মাণের পর থেকেই নির্বাচিত কমিটির মাধ্যমে এর কার্যক্রম পরিচালিত হলেও ২০১৪ সালের পর থেকে কোনো কমিটি ছিলো না। এতে উপজেলা কৃষি কর্মকর্তাকে আহ্বায়ক ও সমবায় কর্মকর্তাকে সদস্যসচিব করে তিন সদস্যের কমিটির মাধ্যমে কার্যক্রম পরিচালনা হচ্ছিলো। পরে প্রায় ৯ বছর পর গত শুক্রবার নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়

নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নজরুল ইসলাম মানিক সভাপতি ও প্রতিদ্বন্দ্বিতা করে হুমায়ন কবীর হীরা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার প্রাপ্ত ভোট ৯৪০ এবং নিকটতম প্রতিদ্বন্দ্বি বেলাল হোসেন পেয়েছেন ২৯৯ ভোট।
এর আগে সকালে শুধুমাত্র সাধারণ সম্পাদক পদে ভোটগ্রহণ শুরু হয়। দিনব্যাপী সুশৃঙ্খল ও জমজমাট নির্বাচনে ২ হাজার ৫৫৬ ভোটের মধ্যে ১ হাজার ২৫৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
সমিতির কার্যনির্বাহী পরিষদের ১২টি পদের মধ্যে সদস্য পদে একটি শূন্য থাকায় সভাপতি ও ক্যাশিয়ারসহ অন্য ১০টি পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। পরে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও জেলা সমবায় কর্মকর্তা আবুল কাশেম ও সদস্য সচিব উপজেলা সমবায় কর্মকর্তা আমির হোসেন।
এর আগে নির্বাচন পর্যবেক্ষণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াজ কুরুণী প্রমুখ।




