সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শেরপুরের সন্তান সুভাষ চন্দ বাদলের ৬৯তম জন্মদিন আজ (৪ জুলাই)। জন্মদিন উপলক্ষে সহকর্মী, বন্ধুবান্ধব, শুভানুধ্যায়ীসহ বিভিন্ন মহলের শুভেচ্ছায় ভাসছেন এ বরেণ্য সাংবাদিক।

সুভাষ চন্দ বাদল শেরপুর জেলা শহরের নয়ানীবাজার এলাকার স্বর্গীয় শচীন্দ্র কুমার চন্দের চতুর্থ সন্তান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ থেকে স্নাতকোত্তর পাস করেন। এরপর তিনি দীর্ঘদিন দৈনিক বাংলার বাণীতে সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে ১৯৯৬ সালে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিডিয়া সেলে নিয়োগপ্রাপ্ত হন। পরবর্তীতে তিনি দিল্লীতে বাসস’র ব্যুরো চীফ হিসেবে প্রায় সাড়ে পাঁচ বছর কর্মরত ছিলেন। পরবর্তীতে তিনি অবসরে যান। এরপর ২০২১ সালের ২১ অক্টোবর সাংবাদিক সুভাষ চন্দ বাদলকে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দেয় সরকার। এ দায়িত্ব পাওয়ার পর থেকে কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সারাদেশের সাংবাদিকদের কল্যাণে সততা ও নিষ্ঠার সাথে কাজ করছেন তিনি।
সুভাষ চন্দ বাদল ১৯৭৪ সালে শেরপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর তার প্রতিবাদ করতে গিয়ে পুলিশী নির্যাতন ও দীর্ঘদিন কারাভোগ করেন। তার কর্মজীবনে তিনি প্রায় ৫০টি দেশ সফর করেছেন।

এদিকে ৬৯তম জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন বিভিন্ন মহল। সেবিকা রাণী নামে তার এক শুভার্থী ফেসবুকে লিখেছেন, ’কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুবাস চন্দ বাদল অতি সাধারণ একজন মানুষ। যার মাঝে অহংকার, ক্রোধ বা হিংসা খুঁজে পাওয়া কঠিন। সেই সরলতার ভরা মানুষটির আজ জন্মদিন। শুভ জন্মদিন দাদা। আপনার এই সরলীকরণ সারাজীবন নিজের মধ্যে জাগ্রত থাকুক প্রভুর কাছে কায়মনোবাক্যে প্রার্থনা করি। মঙ্গলময় আপনাকে সুস্থ রাখুন , শতায়ু করুন, অনিঃশেষ শুভ কামনা।’
এছাড়া শেরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম আধার, বিদায়ী সভাপতি শরিফুর রহমান, নবনির্বাচিত সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল ও বিদায়ী সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।









