রাজধানী ঢাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত শেরপুরের পুলিশ কনস্টেবল মনিরুজ্জামান তালুকদারের পরিবারের পাশে দাঁড়িয়েছেন জেলা জাতীয় পার্টির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও উদয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহমুদুল হক মনি। ৩ জুলাই সোমবার দুপুরে শেরপুরের শ্রীবরদী উপজেলার কুরুয়া পশ্চিমপাড়া এলাকায় নিহত পুলিশ সদস্য মনিরুজ্জামানের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সান্তনা দেন তিনি।

ওইসময় তিনি নিহত মনিরুজ্জামানের স্ত্রী, দুই সন্তান মো. আব্দুল্লাহ ও আব্দুর রহমানের খোঁজখবর নেন। একইসাথে মনিরুজ্জামানের বড় ছেলে মো. আব্দুল্লাহর মাদ্রাসায় লেখাপড়ার খরচ ব্যয়ভার বহন করার অঙ্গীকার করেন তিনি। আব্দুল্লাহর পড়াশোনার ব্যয়ভার বহনে তার ২০ বছর বয়স পর্যন্ত প্রতি মাসে ২ হাজার টাকা করে দেওয়ার অঙ্গীকার করেন তিনি। এজন্য একটি ব্যাংক হিসেবে খোলার জন্য শিশু আব্দুল্লাহর পরিবারের অভিভাবক তার দাদা বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কাশেম তালুকদারকে অনুরোধ জানান।
ওইসময় অন্যান্যদের মধ্যে শেরপুর জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মো. আছাদুজ্জামান মোরাদ ও এসএম আশরাফ, ব্যাংক কর্মকর্তা আবু সালেহ মো. সানীসহ জেলা জাতীয় পার্টির অন্যান্য নেতৃবৃন্দ এবং মনিরুজ্জামানের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকা তেজগাঁও ট্রাফিক জোনের কর্মস্থলে ফেরার সময় ১ জুলাই শনিবার ভোররাতে ঢাকার ফার্মগেটের সেজান পয়েন্টের সামনে ছিনতাইকারীদের হাতে খুন হন পুলিশ কনস্টেবল মনিরুজ্জামান তালুকদার। তিনি শ্রীবরদী উপজেলার কুরুয়া পশ্চিমপাড়া তালুকদার বাড়ি গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কাশেম তালুকদারের ছেলে এবং দুই পুত্র সন্তানের জনক।









