সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে আগাম ঈদুল আজহা পালন করেছেন শেরপুরের ৯ গ্রামের বাসিন্দাদের একাংশ। ২৮ জুন বুধবার সকাল ৮টা থেকে ১০টার মধ্যে এসব গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। বৃষ্টির কারণে কিছু জামাত স্থানীয় মসজিদে অনুষ্ঠিত হয়। প্রতিটি জামায়াতে শতাধিক করে পুরুষ মুসল্লি অংশ নেন। নামাজের পর কোলাকুলি শেষে তারা অংশ নেন প্রীতিভোজে। পাশাপাশি ২০/৩০ জন করে নারী মুসল্লিও নামাজে অংশ নেন।

যে গ্রামগুলোতে বুধবার ঈদুল আজহা পালন হয়েছে সেগুলো হলো শেরপুর সদর উপজেলার উত্তর ও দক্ষিণ চরখারচর, বামনেরচর, গাজীরখামার গিদ্দাপাড়া, নালিতাবাড়ী উপজেলার নন্নী পশ্চিমপাড়া, গোবিন্দনগর ছয়আনিপাড়া, নকলা উপজেলার চরকৈয়া, ঝিনাইগাতী উপজেলার বনগাঁও চতল ও শ্রীবরদী উপজেলার প্রত্যন্ত গ্রাম খামারবাড়ী।
স্থানীয়রা জানান, গত কয়েক বছর ধরে শেরপুরের এসব এলাকার বাসিন্দাদের একাংশ সৌদি আরব, আফগানিস্তান ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে ঈদ পালন করে আসছেন।

সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের বামনেরচর গ্রামের মো. রহমত বলেন, আমরা খুবই আনন্দের সঙ্গে এলাকার সবাই মিলে ঈদ উদ্যাপন করছি।









