শেরপুরের শ্রীবরদীতে অভিযান চালিয়ে ১২৭ বোতল আমদানীনিষিদ্ধ বিদেশী মদসহ ২ যুবককে আটক করছে র্যাব-১৪’র সদস্যরা। ১৮ জুন রবিবার রাতে উপজেলার রাণীশিমুল ইউনিয়নের বালিজুরী এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হচ্ছে ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে সাইদুল ইসলাম (২৭) এবং একই গ্রামের লাল মিয়ার ছেলে আবুল কাশেম (২৪)। সোমবার দুপুরে মাদক আইনের মামলাসহ তাদের শ্রীবরদী থানায় সোপর্দ করা হয়েছে।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে রবিবার রাত সোয়া ৮টার দিকে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে শ্রীবরদী উপজেলার রাণীশিমুল ইউনিয়নের বালিজুরী এলাকায় অভিযান চালায় র্যাব সদস্যরা। ওইসময় আমদানী নিষিদ্ধ ১২৭ বোতল ভারতীয় মদসহ সাইদুল ও আবুল কাশেমকে আটক করা হয়। উদ্ধারকৃত আমদানী নিষিদ্ধ বিদেশী মদের আনুমানিক অবৈধ বাজার মূল্য ৬৩ হাজার ৫শ টাকা।

এ ব্যাপারে বিষয়ে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, আটককৃতদের বিরুদ্ধে শেরপুরের শ্রীবরদী থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও বলেন, আটককৃতদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় এবং সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের এরকম অভিযান অব্যাহত থাকবে।









