পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গণপরিবহনে বাড়তি ভাড়া না নিয়ে সরকার নির্ধারিত ভাড়াই নেওয়া হবে বলে জানিয়েছেন করেছেন শেরপুর জেলা বাস-কোচ মালিক সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু। এসময় ঈদ যাত্রায় বাসে ভাড়া বাড়ালে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন তিনি। ১৩ জুন মঙ্গলবার সকালে শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় জেলা বাস-কোচ মালিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওইসব কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে ছানুয়ার হোসেন ছানু বলেন, মুসলিমদের জন্য ঈদুল আযহা একটি বড় ধর্মীয় উৎসব। এই ঈদে রাজধানী থেকে নাড়ীর টানে মানুষ বাড়ি আসে। শেরপুরের নিম্ন আয়ের মানুষ এখন রাজধানীতে বিভিন্ন কর্মসংস্থানে নিয়োজিত। ধর্মীয় উৎসব গুলোতে তাদের নির্বিঘ্নে বাড়ি ফেরা নিশ্চিত করতে বাস-কোচ মালিক সমিতি বদ্ধ পরিকর। তাই কোনভাবেই বাস ভাড়া বৃদ্ধি করা যাবে না। সরকার নির্ধারিত ভাড়াতেই বাস চলবে। কেউ যদি বাসে যাত্রীদের কাছে বাড়তি ভাড়া দাবি করে, আমাদের কাউন্টারে অভিযোগ করলে আমরা জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেবো। বাস-কোচ মালিক সমিতি কেন্দ্রিয় সাধারণ সম্পাদকের নির্দেশে সারা দেশেই একই নিয়ম বলবৎ থাকবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলের জন্য উৎসব আরও আনন্দ পূর্ণ করেছেন। তাই সবাই যাতে পরিবারের সাথে নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারে এজন্যই পরিবহন খাতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, সাবেক প্রচার সম্পাদক দেবাশীষ ভট্টাচার্য, জেলা বাস-কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক সুজিত ঘোষ, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, শেরপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, সাবেক ছাত্রলীগ নেতা জয়েন উদ্দিন জয়সহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।









