শেরপুরের দুর্নীতি, স্বাক্ষর জালিয়াতি, নিয়োগ বাণিজ্যসহ নানা অভিযোগ তুলে তার অপসারণের দাবিতে উত্তেজিত জনতার হাতে এবার নিজ কলেজেই অবরুদ্ধ হলেন জমশেদ আলী মেমোরিয়াল ডিগ্রী কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম রেজা। প্রায় ৬ ঘন্টা অবরুদ্ধ থাকার পর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদলের নেতৃত্বে প্রশাসনের লোকজন ঘটনাস্থলে গিয়ে পুলিশের গাড়িতে করে তাকে উদ্ধার করে নিয়ে আসেন। ১ জুন বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি বাজারস্থ কলেজে ওই ঘটনা ঘটে। এদিকে আগামী ৩ দিনের মধ্যে অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাসে আন্দোলন স্থগিত করেন উত্তেজিত জনতা।

জানা যায়, দীর্ঘদিন ধরে নানা অনিয়ম, দুর্নীতি, জালজালিয়াতির অভিযোগে জমশেদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম রেজার অপসারণের দাবিতে আন্দোলন করে আসছেন কলেজের প্রতিষ্ঠাতা, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও কলেজ গভর্নিং বডির সাবেক সভাপতি মিনহাজ উদ্দিন মিনালসহ এলাকাবাসী। এ নিয়ে মামলা, মোকদ্দমা, স্মাারকলিপি, উচ্চ পর্যায়ে অভিযোগ-পাল্টা অভিযোগ, লাঞ্চিতের ঘটনাও ঘটে। এর প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন, তদন্ত ও সিদ্ধান্ত হলেও কলেজে অশান্তি থামেনি। এই বিরোধে নতুন মাত্রা পায় মাস দুয়েক আগে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে। প্রায় দেড় মাস থেকে জমশেদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজ দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সচেতন এলাকাবাসীর ব্যানারে কলেজ অধ্যক্ষের অপসারণ ও পরিচালনা পর্ষদের নয়া সভাপতির পদত্যাগের দাবিতে লাগাতার আন্দোলন শুরু হয়।
তারই ধারাবাহিকতায় গত ৩ মে শেরপুর-জামালপুর মহাসড়ক অবরোধ, মাসব্যাপী গণজমায়েত, পদযাত্রা, গণসমাবেশ, জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদানসহ নানা কর্মসূচি অব্যাহত রয়েছে। ওই অবস্থায় ১ জুন বৃহস্পতিবার সকালে কলেজ অধ্যক্ষ শহিদুল ইসলাম রেজা কলেজে গেলে স্থানীয় এলাকাবাসী কলেজে ঢুকে অধ্যক্ষকে তার রুমে অবরুদ্ধ করেন। খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল ঘটনাস্থলে ছুটে যান। পরে পুলিশের গাড়িতে করে তাকে কলেজ থেকে বের করে নিয়ে যাওয়া হয়। ওইসময় আন্দোলনকারীরা মিছিল ও অধ্যক্ষকে বহন করা গাড়ি ধাওয়া করলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস আগামী ৩ দিনের মধ্যে অভিযোগের বিষয়ে সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস বলেন, ঘটনার খবর পেয়ে অধ্যক্ষ সাহেবকে পুলিশ নিরাপত্তা দিয়ে বের করে আনে। পরে সকল পক্ষের সাথে আলোচনা করা হয়েছে। বিষয়টি জেলা প্রশাসন নিরপেক্ষতার সাথে তদন্ত করবে। আগামী রবিবার সবার অভিযোগ শোনা হবে এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সে পর্যন্ত সকল পক্ষকে শান্ত থাকার অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, এলাকায় শিক্ষার হার বাড়াতে ২০০১ সালে লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি এলাকায় আওয়ামী লীগ নেতা মিনহাজ উদ্দিন মিনাল তার বাবার নামে জমশেদ আলী মেমোরিয়াল কলেজটি প্রতিষ্ঠা করেন। কলেজটি পর্যায়ক্রমে ডিগ্রী ও অনার্স কলেজে উন্নীত হয়। তবে মিনহাজ উদ্দিন মিনালের অভিযোগ, বর্তমানে কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম রেজার স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতির কারণে কলেজটি ধ্বংসের পথে। অধ্যক্ষ শহিদুল ইসলাম রেজা কলেজের সাবেক সভাপতি মিনালের স্বাক্ষর জাল করে কলেজের ৪০ এর অধিক শিক্ষক-কর্মচারী নিয়োগ দিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন। ভর্তি বাণিজ্য করে এবং ফরম ফিলাপের সময় নির্ধারিত ফি’র চেয়েও অধিক অর্থ নিয়ে আত্মসাৎ করেছেন। শিক্ষার্থীদের উপবৃত্তি ও বিনা বেতনে পড়ার সুযোগ থেকে বঞ্চিত করেছেন। ব্যাংক হিসাবে লেনদেন না করে কলেজের অভ্যন্তরীণ আয়ের লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন। নিয়ম বহির্ভূতভাবে প্রতিষ্ঠাতা সদস্যকে পরিচালনা কমিটি থেকে বাদ দিয়েছেন। এছাড়া নিজের অপকর্ম যাতে প্রকাশ না পায় সেজন্য অন্য এলাকার বাসিন্দা ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানুকে সভাপতি বানিয়েছেন। বর্তমানের কলেজের পড়ালেখার মানও খারাপ হয়ে গেছে। পূর্বে কলেজের পাশের হার ছিল ৯৬%। ২০২২ সালে তা নেমে দাঁড়ায় ২৩%। এজন্য কলেজের সুনাম ফিরিয়ে আনতে বর্তমান অধ্যক্ষ শহিদুল ইসলাম রেজার অপসারণের কোন বিকল্প নেই।









