শেরপুরের শ্রীবরদী উপজেলার ৯নং কুড়িকাহনীয়া ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদের হলরুমে আনুষ্ঠানিকভাবে ১ কোটি ৪৫ লাখ ৬৫ হাজার ৪ শ ৬ টাকার বাজেট ঘোষণা করা হয়। এ উপলক্ষে কুড়িকাহনীয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

এতে সভাপতিত্ব করেন ও অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কুড়িকাহনীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ খান নুন। উন্মুক্ত বাজেট পাঠ করেন ইউনিয়নের সচিব এমারুল জাহিদ। এতে ১ কোটি ৪৫ লাখ ৬৫ হাজার ৪ শ ৬ টাকার বাজেটের বিভিন্ন ব্যয়ের খাত তুলে ধরেন তিনি।
ইন্দিলপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে এ বাজেটকে যুগোপযোগী বাজেট হিসেবে আখ্যা দিয়ে বক্তব্য দেন বীরমুক্তিযোদ্ধা আব্দুস ছালাম মুন্সী, সাংবাদিক রেজাউল করিম বকুল, আনছার ভিডিপি ইউনিয়ন কমান্ডার মোশাররফ হোসেন, প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য আব্দুল মুন্নাফ, ইউপি সদস্য আবুল কালাম আজাদ প্রমুখ।




