শেরপুরে যৌতুকের দাবি ও শারীরিক নির্যাতনের অভিযোগে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফুল আলম মিজানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তার স্ত্রী তানজিনা আক্তার (২১)। ২৪ মে বুধবার দুপুরে তানজিনা বাদী হয়ে শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ওই মামলাটি দায়ের করেন। পরে ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক আব্দুস সবুর মিনা মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট এমকে মুরাদুজ্জামান।

মামলার অভিযোগে প্রকাশ, ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর রেজিস্ট্রি কাবিনমূলে সদর উপজেলার খাসপাড়া গ্রামের হাসান মাস্টারের ছেলে আশরাফুল আলম মিজানের সঙ্গে ভাতশালা ইউনিয়নের মধ্যবয়ড়া গ্রামের মো. তোফাজ্জল হোসেনের মেয়ে তানজিনা আক্তারের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে আশরাফুল বাবার বাড়ি থেকে যৌতুক বাবদ ১০ লাখ টাকা এনে দেওয়ার জন্য স্ত্রী তানজিনাকে চাপ দিয়ে আসছিলেন। আশরাফুল উপজেলা ভাইস চেয়ারম্যান হওয়ায় ক্ষমতার দাপট দেখিয়ে স্ত্রী তানজিনা ও তার মা-বাবাকে নানাভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করতেন। এর ধারাবাহিকতায় গত ৫ মে সকালে শহরের শিংপাড়া এলাকার ভাড়া বাসায় আশরাফুল আলম স্ত্রী তানজিনা আক্তারকে যৌতুক বাবদ বাবার বাড়ি থেকে ১০ লাখ টাকা এনে দেওয়ার জন্য পুনরায় চাপ সৃষ্টি করেন।
কিন্তু তানজিনা টাকা এনে দিতে অপরাগতা প্রকাশ করলে আশরাফুল স্ত্রী তানজিনাকে এলোপাথারী কিলঘুষি মেরে ও শারীরিকভাবে নির্যাতন করেন। এতে তানজিনা গুরুতর আহত হন। পরে তিনি জেলা সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করেন। তানজিনা বর্তমানে বাবার বাড়িতে অবস্থান করছেন এবং স্বামী আশরাফুলের বিভিন্ন ধরনের হুমকির ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন।

স্থানীয় সূত্র জানায়, তানজিলা মিজানের দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীকেও যৌতুকের দাবিতে নির্যাতন করায় পরবর্তীতে তা মামলা-মোকদ্দমায় গড়ায়। এক পর্যায়ে প্রথম তার সাথে সম্পর্ক ছিন্ন করেন।
তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা ভাইস চেয়ারম্যান আশরাফুল আলম মিজান সাংবাদিকদের বলেন, বেশ কিছুদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রী তানজিনা আক্তারের সঙ্গে তার পারিবারিক কলহ চলে আসছিল। এর জের ধরে তানজিনা তার বিরুদ্ধে আদালতে মিথ্যা মামলা করেছেন।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বলেন, এখন পর্যন্ত এমন কোন কাগজ আমি পাইনি। পেলে ট্রাইব্যুনালের আদেশ মোতাবেক ব্যবস্থা গ্রহণ করব।
উল্লেখ্য, আশরাফুল আলম মিজান ২০১৯ সালের ১৪ অক্টোবর অনুষ্ঠিত সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। সম্প্রতি পবিত্র হজব্রত পালনের জন্য সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সৌদি আরব যাচ্ছে বলে আশরাফুল আলম মিজান ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন।









