আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে শেরপুরের ঝিনাইগাতী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ মে সোমবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ওই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

বিকেল সাড়ে ৪টায় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফের একই জায়গায় গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম, কাংশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক ধলু, গৌরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল্লাহ, আওয়ামী লীগ নেতা হারুন উর রশিদ, ফকির মোঃ সাইফুল ইসলাম, সাবেক ছাত্রলীগ সভাপতি ফারুক আহমেদ, শামসুল আরেফিন প্রমুখ।
বক্তারা অবিলম্বে শেখ হাসিনাকে হত্যার হুমকি দাতাদের গ্রেফতারের দাবি জানান। অপরদিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়ের নেতৃত্বে আলাদাভাবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।




