শেরপুরের ঐতিহাসিক জগৎপুর গণহত্যা দিবস উপলক্ষে জেলা পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে স্মরণসভা ও শহীদ স্বজনদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। ৩০ এপ্রিল রবিবার বিকেলে ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের জগৎপুর গ্রামে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম। ওইসময় তিনি বলেন, ইতিহাসের জঘন্যতম এ হত্যাকান্ডকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। তারা এ থেকে শিক্ষা নেবে এবং মুক্তিযুদ্ধের চেতনায় একটি স্মার্ট বাংলাদেশ গড়তে সহায়ক ভূমিকা পালন করবে।

জেলা পুনাকের সভাপতি সানজিদা হক মৌ এর সভাপতিত্বে স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ফখরুজ্জামান জুয়েল, বীর মুক্তিযোদ্ধা ইমেদ আলী, অধ্যাপক শিবশংকর কারুয়া, ধানশাইল ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য ও শিক্ষক আবুল কালাম আজাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুইয়া।
সভায় গণহত্যার প্রত্যক্ষদর্শী শহিদ পরিবারের সদস্য বিমল চন্দ্র দে ও সুভাষ চন্দ্র দে বক্তব্য রাখতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। শিক্ষক বিমল চন্দ্র দে বলেন, জগৎপুর গ্রামে নৃশংস গণহত্যার শিকার হন তার আপন দাদু ধরনী মোহন দে, ঠাকুমা সুভাষিণী দে ও কাকার বাবা দেবী চরণ দে। তার ভাষ্য, হানাদার বাহিনী তার দাদুকে বুকে, দাদীকে গলায় ও কাকার বাবাকে মাথায় গুলি করে হত্যা করে। এ সময় তিনি ওই হত্যার বিচার দাবি করেন।

বীর মুক্তিযোদ্ধা ইমেদ আলী তার বক্তব্যে বলেন, জগৎপুরের নিরীহ মানুষদের হত্যার পর তাদের দাফন কিংবা দাহ করার সুযোগ দেয়নি হানাদার বাহিনী। গ্রামের যেখানে সেখানে লাশ পড়েছিল। এ দৃশ্য দেখে তিনি সইতে পারেননি। ২ মে একসঙ্গে ৫-৭টি লাশ মাটি চাপা দিয়ে তিনি ট্রেনিং নেওয়ার জন্য ভারতে চলে যান।
এদিন শতাধিক পরিবারের মাঝে উপহার হিসেবে শাড়ী ও লুঙ্গি প্রদান করা হয়।
উল্লেখ্য, ১৯৭১ সালের ৩০ এপ্রিল শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের জগৎপুর গ্রামে নৃশংস গণহত্যা চালায় পাকিস্তানী হানাদার বাহিনী। সেদিন ওই গণহত্যায় শহীদ হন অন্তত: ৪২ জন মানুষ। তাদের রক্তে লাল হয় রঙ্গা বিলের পানি।









