শেরপুরের ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠার পর ঝিনাইগাতী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার খান শাওনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। ২৫ এপ্রিল মঙ্গলবার ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। একই সঙ্গে নিষ্ক্রিয়তার কারণে ছাত্রলীগের ঝিনাইগাতী উপজেলা শাখাকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলাপরিপন্থী ও অপরাধমূলক কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার খান শাওনকে বহিষ্কার করা হলো এবং নিষ্ক্রিয়তার কারণে উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।
এর আগে সোমবার বিকেলে শাহরিয়ার খান শাওনকে ধর্ষণ চেষ্টার অভিযোগে ঝিনাইগাতী উপজেলার বাকাকুড়া এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। তার আগে ২২ এপ্রিল শনিবার ঈদের দিন রাতে এ ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে। শাওন উপজেলা সদরের শাজাহান খানের ছেলে।

লিখিত অভিযোগ ও কলেজ ছাত্রীর পরিবার সূ্ত্রে জানা গেছে, ওই ছাত্রী শেরপুর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী। গত ২২ এপ্রিল শনিবার ঈদের দিন রাতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার খান শাওন তাদের বাড়িতে গিয়ে ছাত্রীর বাবা-মার কাছে পান খেতে চান। এ সময় ওই কলেজ ছাত্রীর বাড়ির উঠানে দাঁড়িয়ে মোবাইল চালাচ্ছিলেন। ছাত্রীর মা শাওনের জন্য পান আনতে গেলে ছাত্রলীগ নেতা শাওন উঠানে দাঁড়িয়ে থাকা কলেজ ছাত্রীকে পেছন থেকে জড়িয়ে ধরে ধ্বস্তাধস্তি শুরু করে এবং বাড়ির পেছনে বনের ভেতরে মুখ চেপে ধরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।
একপর্যায়ে কলেজ ছাত্রীর চিৎকারে তার বাবা-মা ঘর থেকে বের হয়ে এলে শাওন এ ঘটনা কাউকে না জানানোর হুমকি দিয়ে চলে যায়। পরে ওই কলেজছাত্রীর পরিবারের পক্ষ থেকে উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানের কাছে জানানো হয়। বিষয়টি নিয়ে সময়ক্ষেপণ হতে থাকলে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রবেতা ম্রংয়ের পরামর্শে সোমবার বিকেল চারটার দিকে ঝিনাইগাতী থানায় গিয়ে শাওনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার লিখিত অভিযোগ করেন ওই কলেজছাত্রী। অভিযোগের পরপরই অভিযান চালিয়ে উপজেলার বাকাকুড়া এলাকা থেকে শাওনকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছেন ওই কলেজ ছাত্রী ও তার পরিবার।









