এক হাজার ৬শ ৫৮ জন হতদরিদ্র লোক পেল ঈদের ভিজিএফের চাল। রবিবার (১৬ এপ্রিল) শেরপুরের শ্রীবরদী সদর ইউনিয়ন পরিষদ থেকে এসব চাল বিতরণ করা হয়।
শ্রীবরদী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদুজ্জামান জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্রদের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হচ্ছে। সদর ইউনিয়নে হতদরিদ্রদের মধ্যে এক হাজার ৬ শ ৫৮ জনকে ১০ কেজি করে চাল দেয়া হচ্ছে। প্রতিজনের হাতে ১০ কেজির একটি করে চালের প্যাকেট তুলে দেয়া হয়। তারা সহজেই চাল নিয়ে বাড়ি যেতে পারছেন। এতে খুশি এসব দরিদ্ররা।
তিনি আরো বলেন, যাতে সবাই পায়, এ জন্য আমাকে উপস্থিত থাকতে হচ্ছে। তবে চাহিদার তুলনায় বরাদ্দ কম হওয়ায় কিছু লোক এই সুবিধা পাচ্ছেন না। এজন্য প্রতি বছরের ন্যায় এবারও আমি ব্যক্তিগত তহবিল থেকে দুই শতাধিক হতদরিদ্রের মাঝে নগদ অর্থ বিতরণ করেছি।
ভিজিএফের চাল বিতরণে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মাহফুজুল হক, আব্দুল কুদ্দুস, আবেদ আলী ও ইউপি সচিব আক্তারুজ্জামান প্রমূখ।




