চট্টগ্রামের বোয়ালখালীতে বাস-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আরাকান সড়কে (মহাসড়ক) রায়খালী এলাকায় এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আরাকান সড়কে পটিয়ামুখী দ্রুতগামী একটি বাস বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশারচালকসহ চার যাত্রী ঘটনাস্থলেই মারা যান। দুই যাত্রীকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা গেছেন বলে জানা গেছে।
নিহতরা হলেন- বোয়ালখালী উপজেলার মীরপাড়ার জালাল আহমদের ছেলে মো. সেলিম (৪৫), মিরসরাইয়ের জোরারগঞ্জের মো. আদিলের স্ত্রী অঞ্জনা আকতার (৩৫), পটিয়ার বলরাম দে এর ছেলে বাবুল দে (৬০)। নিহত অপর দুজনের পরিচয় পাওয়া যায়নি।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আবদুর রাজ্জাক বলেন, বাসচালক জাগের হোসেনকে আটক করা হয়েছে। এ ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। অটোরিকশায় চালকসহ ৬ জন ছিলেন। বাসটি ময়মনসিংহ থেকে বোয়ালখালী উপজেলার একটি দরবারে এসেছিল। সকালে বোয়ালখালী ছেড়ে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।


























