শেরপুরের নালিতাবাড়ীতে ২৯৯ বোতল ফেনসিডিলসহ বিশ্বধর হাজং (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪। ২১ মার্চ মঙ্গলবার রাতে উপজেলার আন্ধারুপাড়া শান্তির মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিশ্বধর হাজং ঝিনাইগাতী উপজেলার নকশী গ্রামের বিরেন্দ্র হাজং এর ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে র্যাব সদস্যরা মঙ্গলবার রাতে নালিতাবাড়ী উপজেলার আন্ধারুপাড়া শান্তির মোড় হাছান স্টোরের সম্মুখ পাকা সড়কের উপর মাদক বিরোধী অভিযান চালায়।
এসময় ২৯৯ বোতল ফেন্সিডিলসহ বিশ্বধর হাজংকে আটক করে। উদ্ধারকৃত ফেন্সিডিল গুলোর আনুমানিক মূল্য ৪ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা।

এদিকে মাদক কারবারি বিশ্বধর হাজং র্যাবের কাছে এক স্বীকারোক্তিতে জানিয়েছে, সে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল। ওই ঘটনায় র্যাব বাদী হয়ে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের (২৫) খ ধারায় একটি মামলা দায়ের করেছে।









