‘মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ এ লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে শেরপুরের শ্রীবরদীতে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার দুপুরে উপজেলা পরিষদের সোমেশ্বরি হলে ওই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস।

তিনি বলেন, আগামি ২২ মার্চ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩য় ও ৪র্থ পর্যায়ের গৃহ উপকারভোগী পরিবারদের মাঝে জমিসহ ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন। এই প্রকল্পের আওতায় ৪শ বর্গফুট আয়তনের ২ কক্ষ বিশিষ্ট সেমি পাকা ও সামনে টানা বারান্দা এবং পেছনে স্বাস্থ্যসম্মত স্যানিটারি ল্যাট্রিনসহ একটি করে ঘর হস্তান্তর করবেন। এতে বিনামূল্যে বিদ্যুৎ সংযোগের পাশাপাশি থাকবে সুপেয় পানির ব্যবস্থা। তিনি আরো বলেন, আশ্রয়ণ ২ প্রকল্পের আওতায় শ্রীবরদীতে ১১১ টি পরিবারকে একটি করে ঘর দেয়া হয়েছে। এবার দেয়া হবে ৪৪ টি ঘর। এ প্রকল্পের মাধ্যমে গৃহহীন মানুষের মুখে হাসি এনে দিয়েছেন।
প্রেস ব্রিফিংয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম ও উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি লিয়াকত হোসেন লিটন।

ওইসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমে কর্মীরা উপস্থিত ছিলেন।




