শেরপুরের নালিতাবাড়ীতে ৩২ বোতল আমদানি নিষিদ্ধ বিদেশী মদসহ মো. রফিকুল ইসলাম (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের সদস্যরা। ১ মার্চ বুধবার রাতে উপজেলার পূর্ব সমশ্চূড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারকৃত রফিকুল ইসলাম পার্শ্ববর্তী বুরুঙ্গা গ্রামের মো. আব্দুল খালেকের ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে র্যাবের একটি অভিযানিক দল শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পূর্ব সমশ্চূড়া গ্রামস্থ মধুটিলা ইকোপার্কের দক্ষিণ পাশে জনৈক আজমের মুদি দোকানের সামনে পাকা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান চালায়। ওইসময় মাদক কারবারি মো. রফিকুল ইসলামকে আটক করে।
পরে তার কাছ থেকে ৩২ বোতল আমদানি নিষিদ্ধ বিদেশী মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিদেশী মদের আনুমানিক বাজার মূল্য ৪০ হাজার টাকা।

গ্রেফতারকৃত আসামী মো. রফিকুল ইসলামকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলায় মাদক ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। ধৃত আসামীকে নালিতাবাড়ী থানায় সোপর্দ করে র্যাবের পক্ষ থেকে তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ২৫ (খ) একটি মামলা দায়ের করা হয়েছে।









