শেরপুরে ঐতিহাসিক ৭ মার্চ ও ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ২ মার্চ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই দুটি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।

ওইসময় তিনি বলেন, ১৯৭১ সালের ৭ মার্চ ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়ে জাতিকে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ঘোষণা দেন। এছাড়াও স্বাধীন বাংলাদেশের স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ১৭ মার্চ পালন করা হয়। মার্চ মাস আমাদের বাংলাদেশের মানুষের জন্য প্রাপ্তি, প্রেরণা ও মর্যাদার মাস।
সভাপতি উপস্থিত সকলকে স্বাগত জানিয়ে সভার কার্যক্রম শুরু করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ। ওইসময় তিনি ৭ মার্চ ও ১৭ মার্চ দিবস যথাযথভাবে উদযাপনের উপর গুরুত্ব আরোপ করেন এবং সভার আলোচ্য সূচি অনুযায়ী বিষয়সমূহ উপস্থাপন করেন।

সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ জিল্লুর রহমান সিদ্দিকী, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান প্রমুখ।
ওইসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, জেলা তথ্য কর্মকর্তা তাহমিনা আক্তার, শেরপুর প্রেসক্লাব সভাপতি মো. শরিফুর রহমান, ডিআইও-১ মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ জেলা পর্যায়ের দপ্তর প্রধান, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।









