চাকরি নয়, সেবা’—এই শ্লোগানে শেরপুর জেলায় নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, ডিসেম্বর-২০২২ এর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেলে শহরের অষ্টমীতলাস্থ পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে ওই ফলাফল ঘোষণা করেন শেরপুর জেলার নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান বিপিএম।

ওইসময় তিনি আনুষ্ঠানিকভাবে টিআরসি নিয়োগ কার্যক্রমের সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের নাম ও ফলাফল ঘোষণা করেন এবং জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পুলিশ সুপার তার বক্তব্যে চূড়ান্তভাবে উত্তীর্ণদের অভিনন্দন জানিয়ে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব সাথে দেশসেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কাজ করার আহবান জানান।
একইসময় শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ পাওয়ায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থী ও তাদের অভিভাবক অনেকে আবেগপ্রবণ হয়ে তাৎক্ষণিক অনুভূতি ব্যক্ত করেন।

ফল ঘোষণাকালে নিয়োগ বোর্ডের সদস্য জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাকির হোসেন সুমন ও ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার ( গফরগাঁও সার্কেল) আফরোজা নাজনীন, শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ আবু বকর সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) সোহেল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইদুর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, প্রার্থী ও তাদের অভিভাববৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শেরপুর জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল ৫২ জনের শূন্য পদের বিপরীতে প্রিলিমিনারি স্ক্রিনিং শেষে ১৭৯৯ জন প্রার্থী শারীরিক মাপ, শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান। শারীরিক মাপ, শারীরিক সক্ষমতা যাচাই পরিক্ষা শেষে ৩৪৯ জন লিখিত পরীক্ষা অংশগ্রহণ করে এবং লিখিত পরীক্ষায় ১৩১ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে মৌখিক (ভাইভা) পরীক্ষায় অংশগ্রহণ করে তন্মধ্যে চূড়ান্তভাবে ৫২ জনকে মনোনীত করে শেরপুর জেলা টিআরসি নিয়োগ বোর্ড ৷




