শেরপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। ২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১০টার সময় জেলা আইনজীবী সমিতির ২নং বার ভবনে ওই ভোটগ্রহণ শুরু হয়।

এ নির্বাচনে ১৩ টি পদে আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত মোখলেস -মুন্না প্যানেল ও বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত মুরাদ-হীরা প্যানেলের ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনে ১৭০ জন ভোটার বিকেল তিনটা পর্যন্ত ভোট প্রদান করবেন।

এবারের নির্বাচন নিয়ে শেষদিকে এসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ নিয়ে দুই পরিষদের পক্ষ থেকে পাল্টা-পাল্টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী ও সমমনাদের সমর্থিত প্যানেলে সম্মিলিত আইনজীবী পরিষদের ব্যানারে সভাপতি পদে বর্তমান সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মো. মোখলেসুর রহমান আকন্দ, সাধারণ সম্পাদক পদে এ্যাডভোকেট মো. মমতাজ উদ্দিন মুন্না এবং বিএনপি ও সমমনাদের সমর্থিত প্যানেলে সভাপতি পদে এ্যাডভোকেট এমকে মুরাদুজ্জামান ও সাধারণ সম্পাদক পদে এ্যাডভোকেট এএইচএম নূরে আলম হীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।









