রাজধানীর গুলশানে একটি ১২তলা ভবনের সপ্তম তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। রবিবার সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ নম্বর এলাকার ওই বহুতল ভবনে আগুনের সূত্রপাত হয়। রাত ১১টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অগ্নিকাণ্ডের খবরে আতঙ্কে কয়েকজন বাসিন্দা ভবন থেকে লাফ দিয়ে নিচে পড়ে আহত হয়েছেন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া ওই ভবনে এখনও অনেকে আটকা পড়েছেন। ঘটনাস্থলে একাধিক অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন জানান, গুলশান-২ এর ১০৪ নম্বর সড়কের ২/এ নম্বর আবাসিক ভবনটির সপ্তম তলায় রবিবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ফায়ার সার্ভিস অগ্নিকাণ্ডের খবর পায়। এরপর পর্যায়ক্রমে ৯টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। এছাড়া সেনাবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরাও এসে যোগ দেন। বিমানবাহিনীর একটি হেলিকপ্টারও আসে।
গুলশান থানা সূত্রে জানা গেছে, আবাসিক ওই ভবনে অনেকগুলো পরিবার বসবাস করে। ভবনের বিভিন্ন তলায় অনেকে আটকা পড়েন। এদিকে ওই ভবন থেকে একজন নারী ও তিনজন পুরুষকে উদ্ধার করা হয়েছে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে ওই ভবনের ভেতরে ঠিক কতজন আটকা পড়েছেন, তা এখনও জানা যায়নি।
অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এ ছাড়া আগুনে ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে ভবনের সপ্তম তলা থেকে প্রচণ্ড ধোঁয়া বের হতে থাকে। আতঙ্কে ভবনের নিচের তলার বাসিন্দারা বাসা থেকে বের হয়ে আসেন। আর সাত তলার ওপরে থাকা বাসিন্দারা ছাদে গিয়ে অবস্থান নেন। এর মধ্যে রাত ৮টার দিকে আতঙ্কে কয়েজন ওপর থেকে লাফ দিয়ে নিচে পড়েন। ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ভবনের আশপাশ ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়ে। এ কারণে কাজ করতে বেগ পেতে হয়।



















