পণ্যের সমাহারে বসন্তের আগমনী বার্তা নিয়ে ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী বসন্ত মেলা। নারী উদ্যোক্তাদের সংগঠন ময়মনসিংহ ই-কমার্স কার্ট ওই মেলার আয়োজন করেছে। ১০ ফেব্রুয়ারি শুক্রবার সকালে মেলার উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক টিটু। এ সময় উপস্থিত ছিলেন মসিকের জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক রেজুয়ান আহমেদ শুভ্র, ময়মনসিংহ ই-কমার্স কার্টের (ম্যাক) প্রতিষ্ঠাতা সাদিয়া আফরিন লুনা প্রমুখ।

জানা যায়, নানা ধরনের পণ্যে সাজানো একেকটি স্টল। কোনোটিতে দেশীয় পোশাক, কোনো স্টলে আছে রংবেরঙের গহনা, কোথাও আবার বাহারি সব সাজসজ্জার উপকরণ। আরও আছে হাতে বানানো কেক কিংবা পিঠা।
সিটি মেয়র ইকরামুল হক টিটু বলেন, আজ থেকে প্রায় এক যুগ আগে প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি হিসেবে নির্বাচনী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেখানে তিনি বলেছিলেন- বাংলাদেশকে তিনি একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর দেশ হিসেবে গড়ে তুলবেন। মানুষের কর্মসংস্থান, যুবকদের বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত এবং নারীদের কল্যাণে তিনি নানামুখী উদ্যোগ গ্রহণের কথা বলেছিলেন। তিনি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন তার সবগুলো তিনি অক্ষরে অক্ষরে পালন করেছেন। যার ফলে আজ বাংলাদেশে ঘুরে দাঁড়িয়েছে। আমরা আজ উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত হতে পেরেছি। তিনি আরও বলেন, ই-কমার্স যুগে আজ আমরা সাফল্যের দ্বারপ্রান্তে। আমাদের নারীরা তাদের প্রচেষ্টায় বহুদূর এগিয়েছে। সব বাধাকে অতিক্রম করে তারা সামনের দিকে অগ্রসর হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর যে ভিশন রয়েছে সেটি বাস্তবায়নের ক্ষেত্রে এই উদ্যোক্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাদের এ কার্যক্রমকে আরও বেগবান করার ক্ষেত্রে আমরা সবসময় পাশে থাকবো।

ময়মনসিংহ ই-কমার্স কার্টের (ম্যাক) প্রতিষ্ঠাতা সাদিয়া আফরিন লুনা বলেন, এ ধরনের মেলার মাধ্যমে অনলাইনে যারা ব্যবসা করছেন তারা নিজেদের প্রমোট করার সুযোগ পান। সেই সঙ্গে নিজেকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে নারীরা যেন উদ্যোক্তা হতে আগ্রহী হয় সেই লক্ষ্যেই বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে এ মেলার আয়োজন করা হয়। এবারের মেলায় ৫৪টি স্টলে ৮০ জন উদ্যোক্তার সমাগম ঘটেছে। রাত ৮টা পর্যন্ত চলে ওই মেলা।




