শেরপুরে ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়াসহ দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত রোগীদের মাঝে সমাজসেবা অধিদপ্তরের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ৭ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় এ অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তর।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) সাহেলা আক্তার। এ সময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে সমাজসেবা অধিদপ্তরের বিশেষ প্রকল্পের আওতায় প্রতিবছর ছয়টি দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত রোগীদের চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। আমরা এই ধরনের মানুষের পাশে সব সময় আছি। এই রোগগুলোর চিকিৎসা অনেক ব্যয়বহুল হওয়ায় অনেকেরই এই সহায়তা দরকার। সামনে এই সহায়তা আর বাড়ানোর চেষ্টা অব্যাহত থাকবে।
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এটিএম আমিনুল ইসলামের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা হোসনে আরা, ওইসময় সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আরিফুর রহমান, সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্যসহ জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সুবিধাভোগী রোগী, তাদের আত্মীয় স্বজন ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

এদিন ৮৯ জন রোগীর মাঝে জনপ্রতি ৫০ হাজার টাকা করে মোট ৪৪ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।




