‘স্বামী মইরা গেছে ২৫ বছর আগে। মানুষের কাছে হাত পাইতা মেলা কষ্টে চারটা মেয়ে বিয়ে দিছি। মাথা গুঁজার ঠাই থাকলেও খাইতাম তো ভিক্ষা কইরা। মানুষের কাছে হাত পাইতা যা পাইতাম তা দিয়াই আমার সংসার চলতো। কিন্তু অহন আর ভিক্ষা করমু না। সরকার আমারে দোকান দিয়া দিছে। নিজের দোকান কইরাই অহন আমি সংসার চালামু।’ ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচীর আওতায় সরকারের ক্ষুদ্র ব্যবসা (চা ও মনিহারী) দোকান পেয়ে আনন্দে আবেগাপ্লুত কণ্ঠে কথাগুলো বলছিলেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নালিতাবাড়ী ইউনিয়নের মোছাঃ হুনুফা (৫৮)।

শুধু হুনুফাই নন, উপজেলার ৬ টি ইউনিয়নের ৬ জন ভিক্ষুককে পুনর্বাসন ও বিকল্প কর্মসূচীর আওতায় এসব চা ও মনিহারীর দোকান উপহার দেওয়া হয়েছে। যা পেয়ে নিজের আয়ে সংসার চালানোর স্বপ্ন দেখছেন তাঁরা। শনিবার বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে এসব দোকান প্রাথমিকভাবে ৬ জন ভিক্ষুকের মাঝে বিতরণ করা হয়।
‘উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায় দেশ গড়বো সমাজসেবায়’ এই স্লোগানকে সামনে রেখে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ব্যবসা (চা ও মনিহারির দোকান) বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খৃষ্টফার হিমেল রিছিল। ওইসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, নালিতাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান, পোড়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামালউদ্দীন, মরিচপুরান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী, কলসপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ প্রমুখ।

ওইসময় সমাজসেবা অধিদফতরের অর্থায়নে প্রত্যেককে নাম, পিতার নাম ও মাতার নামসহ দোকানের সাইনবোর্ড এবং দোকানের জন্য গ্যাসের সিলিন্ডার, গ্যাসের চুলা, চায়ের কেতলি,বালতি, কলস, ফ্লাক্স, গ্লাস, চায়ের কাপ, মুড়ি, চানাচুর, বিস্কুট, আচারসহ নানান জিনিস দেওয়া হয়।









