‘মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তোল’ এ শ্লোগানকে সামনে রেখে পাতাবাহার খেলাঘর আসর শেরপুরে পালিত হলো গৌরবের ৫০ বছর পূর্তি উৎসব। ৩০ ডিসেম্বর শুক্রবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে আনুষ্ঠানিকভাবে পূর্তি অনুষ্ঠানের শুরু হয়।

সকালে জাতীয় সংগীত ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আতিউর রহমান আতিক এমপি। এরপর শিল্পকলা একাডেমি মঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
শেরপুরের পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হুইপ আতিউর রহমান আতিক এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, ভাইস-চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক প্রণয় সাহা, জেলা ও দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত পিপি ও খেলাঘর আসরের সভাপতি অ্যাডভোকেট ইমাম হোসেন ঠন্ডু, সাধারণ সম্পাদক নন্দ সাহা প্রমুখ।

আলোচনা সভা ও সম্মাননা ক্রেস্ট প্রদান শেষে এক আনন্দ শোভাযাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়। পরে রাতে খেলাঘর শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।









