ককটেল বিস্ফোরণ, ৩ পুলিশ আহত
শেরপুরের শ্রীবরদীতে তাঁতী দলের কর্মী সমাবেশ শেষে ফেরার পথে পুলিশের সাথে নেতা-কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ১৮ নভেম্বর শুক্রবার রাতে পৌর শহরের সাতানী শ্রীবরদী এলাকায় ওই ঘটনা ঘটে। ওইসময় ৩টি ককটেল বিস্ফোরণ ঘটায় তাঁতী দলের কর্মীরা। এতে ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। এদিকে এই ঘটনায় দুইটি অবিস্ফোরিত ককটেলসহ তাঁতী দলের ১৫ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

এদিকে পুলিশের উপর হামলা, ককটেল বিস্ফোরণ ও দুইটি ককটেল উদ্ধারের ঘটনায় শ্রীবরদী থানার এসআই এসআই রোকন বাদী হয়ে থানায় বিএনপির ৭৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। ওই ঘটনায় ১৫ জনকে গ্রেফতার দেখিয়ে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার শ্রীবরদী পৌর তাঁতী দল আয়োজিত কর্মী সমাবেশে যাওয়ার পথে এবং শেষ করে ফেরার পথে উগ্র ও রাষ্ট্রদ্রোহী বিভিন্ন স্লোগান ও উচ্ছৃঙ্খল আচরণ করে নেতাকর্মীরা। পরে রাত ৯টার দিকে ফেরার পথে তাদেরকে থামাতে চেষ্টা করলে পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ শুরু করে তারা। পরে পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে ৩টি ককটেল বিস্ফোরণ করলে তিন পুলিশ সদস্য আহত হয়।

এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, ওই ঘটনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিত স্বাভাবিক করা হয়েছে। ঘটনাস্থল থেকে দুইটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। অভিযানের মাধ্যমে ১৫ নেতা-কর্মীকে আটক করা হয়েছে। পুলিশের উপর হামলা ও বিস্ফোরক আইনের মামলায় তাদের আদালতে পাঠানো হয়েছে।




