‘প্রশিক্ষিত যুব, উন্নত দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে শেরপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২২ পালিত হয়েছে। ১ নভেম্বর মঙ্গলবার সকালে শহরের ভাতশালাস্থ জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যালয়ে ওই দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।

পরে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের হলরুমে আয়োজিত যুব সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।
জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. নুরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. কামরুজ্জামান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এ জেড মোরশেদ আলী ও সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম। আলোচনা শেষে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষিত যুবক-যুবতীদের মাঝে যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়। পরে জেলা যুব উন্নয়ন কার্যালয় প্রাঙ্গণে মাল্টা ও আমের চারা রোপণ এবং পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন অতিথিবৃন্দ। এরপর তারা পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণ করেন।

ওইসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তরের প্রোগ্রামার সালাহউদ্দিন আহমেদসহ জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।









