শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ডিবেটিং ক্লাবের উদ্যোগে দিনব্যাপি এক বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৩১ অক্টোবর সোমবার বিদ্যালয়ের হলরুমে ওই কর্মশালার উদ্বোধন করেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম হিরো। বিজ্ঞান মনস্ক আলোকিত প্রজন্ম গড়ে তোলার লক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজক কর্তৃপক্ষ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ্যানি সুরাইয়া মিলোজের সভাপতিত্বে কর্মশালায় প্রিয় অতিথির বক্তব্য রাখেন শিক্ষাবিদ জীবন কৃষ্ণ বসু। আলোচক ও প্রশিক্ষণ প্রদান করেন জেলা এসডিডিএফ (ডিসট্রিক্ট ডিবেট ফেডারেশন) এর সভাপতি দেবাশীষ ভট্টাচার্য, শিক্ষক আবুল কালাম আজাদ, জনউদ্যোগ এর সদস্য সচিব হাকিম বাবুল, এসডিডিএফের সাধারণ সম্পাদক ইমতিয়াজ চৌধুরী শৈবাল, বির্তাকিক শুভঙ্কর সাহা প্রমুখ।
শিক্ষক আবু তারেক ও নারায়ণ চন্দ্র শীলের সঞ্চালনায় কর্মশালায় ষষ্ঠ থেকে নবম শ্রেণির ৮০ জন শিক্ষার্থী অংশ নেয়।

আলোচনা পর্বে বক্তারা বলেন, জ্ঞানচর্চার একটি অসাধারণ মাধ্যম বিতর্ক। প্রাচীণ গ্রীসের রাজধানী এথেন্সকে কেন্দ্র করে যে নিত্যনতুন জ্ঞান বিজ্ঞানের ধারণা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল, এর মূলে ছিল বিতর্কচর্চা। তারা আরও বলেন, গণতন্ত্রের সঙ্গে বিতর্কের সম্পর্ক খুব নিবিড়। বিতর্কচর্চার মধ্য দিয়ে অন্যের কথা, যুক্তি শোনার মানসিকতা তৈরি হয়। পরমতের প্রতি শ্রদ্ধা ও সহিষ্ণুতার মানসিকতা গড়ে উঠে।









