শেরপুরের নকলায় ভয়াবহ অগ্নিকান্ডে ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। ১২ অক্টোবর বুধবার মধ্যরাতে পৌরসভার কলাপাড়া মহল্লায় ওই ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

জানা যায়, বুধবার মধ্যরাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে তা পাশাপাশি থাকা আব্দুল আজিজ (৭৫) ও তার ৩ ছেলে আবু সামা (৪০), ইয়াছিন আলী (৩৭) ও ইয়াকুব আলীর (৩০) বসত ঘরে ছড়িয়ে পড়ে। এসময় পরিবারের সদস্যরা ঘরে ঘুমিয়ে ছিলেন। প্রতিবেশীদের ডাকচিৎকারে তারা কোনমতে ঘর থেকে বের হয়ে জীবন রক্ষা করতে পারলেও পুড়ে গেছে ৪টি বসত ঘর ও ঘরে থাকা নগদ টাকাপয়সা, স্বর্ণালংকার, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ সবকিছু। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২৫ লাখ টাকা বলে জানা গেছে। বর্তমানে পরিবারগুলোর জায়গা হয়েছে খোলা আকাশের নীচে।
আব্দুল আজিজ জানান, মাইনসের চিল্লাচিল্লিতে সজাগ অইয়া দেহি ঘর আগুন লাগছে। সবাইরে লইয়া ঘরথন বাইর অইয়া দুরে চইল্যা যাই। চোহের সামনে সবকিছু শেষ অইয়া গেল। কিচ্ছু করবার পাইলামনা। স্থানীয় বাসিন্দা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মাহফুল ইসলাম জানান, খবর পেয়ে ৩০ মিনিট পর ফায়ার সার্ভিসের টিম আসলেও ততক্ষণে সবকিছু পুড়ে শেষ হয়ে গেছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ বলেন, উপজেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ২ বান্ডিল করে ঢেউটিন, ৬ হাজার করে টাকা দেওয়া হয়েছে। সাথে দেওয়া হয়েছে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ১ লিটার সয়াবিন তেল ও বিভিন্ন ধরণের গুড়ো মশলাসহ ৪ প্যাকেট শুকনো খাবার।




