শেরপুরে স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য গোলাপী সড়ক শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ অক্টোবর সোমবার সকালে রোটারী ক্লাব অব শেরপুর কার্যালয়ের সামনে থেকে ওই শোভাযাত্রাটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় গিয়ে শেষ হয়। এছাড়াও সড়কে পথচারী ও সাধারণ মানুষের কাছে স্তন ক্যান্সারের প্রয়োজনীয় তথ্যসমৃদ্ধ একটি লিফলেট বিতরণ করা হয়।

রোটারী ক্লাব অব শেরপুর ও শেরপুর কমিউনিটি অনকোলজী ট্রাস্টের আয়োজনে রোটারী ক্লাবের সম্মেলন কক্ষে বিশিষ্ট সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তরুণ শিল্পপতি ও রোটারি ক্লাব অব শেরপুরের প্রেসিডেন্ট মো. সাদুজ্জামান সাদী-এমপিএইচএফ।
ওইসময় স্তন ক্যান্সারের বিষয়ে উপস্থিত সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, স্তন ক্যান্সার একদিকে যেমন নীরব ঘাতক রোগ অন্যদিকে তেমনি সহজেই নিরাময়যোগ্য। তবে সকলকে আগে থেকেই সচেতন হতে হবে। নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। লক্ষণগুলো জানতে হবে। তবেই এই নীরব ঘাতক রোগ থেকে রক্ষা পাওয়া সম্ভব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোবারক হোসেন। ওইসময় তিনি বলেন, স্তন ক্যান্সার রোধে জনসচেতনতার বিকল্প নেই। মানুষ যদি প্রাথমিক পর্যায়ে রোগের আলামত দেখে ডাক্তারের শরণাপন্ন হয়। তাহলে স্তন ক্যান্সার থেকে দ্রুত চিকিৎসার মাধ্যমে ভাল করা সম্ভব। গ্রামাঞ্চলের মানুষ লোকলজ্জার কারণে অনেক সময় রোগটি চরম অবস্থায় চলে যায়। এমন এক সময় আসে যখন তার জীবন রক্ষা কঠিন হয়ে পড়ে। আমরা যদি সময় থাকতে সচেতন হই তাহলে আমাদেরকে আর এই অবস্থার সম্মুখিন হতে হবে না।
ওইসময় রোটারি ক্লাব অব শেরপুরের পাস্ট প্রেসিডেন্ট মলয় মোহন বল এমপিএইচএফ, প্রেসিডেন্ট ইলেক্ট ডা. রতন চন্দ্র দাস, পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান শাহী উম্মুল বানিন, সমাজকর্মী তাহমিনা জলি, রোটারেক্ট ক্লাব অব শেরপুরের প্রেসিডেন্ট পলাশ ঘোষ, ভাইস প্রেসিডেন্ট শাহীনা আক্তার শিউলী, ট্রেজারার অর্পিতা সাহা, মেম্বার সাদিয়া জাহান মীম, মেম্বার মো. আশিকুর রহমান, রক্তসৈনিক শেরপুরের কার্যকরী সভাপতি আশরাফুল ইসলাম, আজকের তারুণ্য সভাপতি মো. রবিউল ইসলাম রতন, রক্তদানে আমরা শেরপুরের প্রতিষ্ঠাতা পরিচালক অনিক মাহবুবসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।









