শেরপুরে বিয়ের গাড়িতে সাজানো ফুল ছেঁড়াকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। ওইসময় ভাঙচুর করা হয়েছে বিয়ে বাড়ির প্যান্ডেল, থালা-গ্লাস, চেয়ার-টেবিল। এতে অন্তত: ৬ জন আহত হয়েছেন। ৭ অক্টোবর শুক্রবার রাতে শহরের চাপাতলী মহল্লায় দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে ওই মারামারির ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন লতিফ মিয়া, রিয়াদ, আক্কাস আলী, সাফিয়া আক্তার, পিন্টু ও সোহান।

জানা গেছে, শুক্রবার রাতে শেরপুর শহরের চাপাতলী মধ্যপাড়া মহল্লার আমীর আলীর মেয়ের বিয়ের আয়োজন করা হয়। সন্ধ্যা ৭টার দিকে ওই বিয়ে বাড়িতে জামালপুর জেলার বকশীগঞ্জ থেকে বরযাত্রী আসে। পরে বাড়ির সামনে রাখা হয় বরযাত্রীর সাজানো একটি প্রাইভেটকার। ওই গাড়ির ফুল ছেঁড়াকে কেন্দ্র করে প্রতিবেশী শিশুর সঙ্গে বিয়েবাড়ির এক শিশুর ঝগড়া হয়। তখন হাফিজুরের ২ ছেলে রনি ও শফিকুলের সঙ্গে বিয়েবাড়ির লোকদের বাগবিতণ্ডা হয়।
এর একপর্যায়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. আব্দুস সাত্তার এসে উভয় পক্ষকে নিয়ে মীমাংসার জন্য সালিশে বসেন। সালিশ শুরুর কিছুক্ষণ পর রনি ও শফিকুলসহ বেশ কয়েকজন উত্তেজিত হয়ে বিয়েবাড়ির প্যান্ডেল, থালা-গ্লাস, চেয়ার-টেবিল ভাংচুর করে চলে যান। ওইসময় আহত হয় ৬ জন। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

এ বিষয়ে পৌর কাউন্সিলর মো. আব্দুস সাত্তার জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিয়েবাড়িতে হামলার ঘটনা ঘটে। মারামারি থামাতে গিয়ে আমি নিজেও ব্যথা পেয়েছি।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বলেন, শুক্রবার রাতে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এ ঘটনায় অভিযোগের প্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।









