বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও মহাসচিব, বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব মনজুরুল আহসান বুলবুল দেশের অন্যতম প্রধান বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্টের (আশা) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় শেরপুর ফাউন্ডেশনসহ বিভিন্ন মহল তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

শেরপুর ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট রাজনীতিক, আইনজীবী ও গণমাধ্যম ব্যাক্তিত্ব এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার এক বিবৃতিতে গণমাধ্যম ব্যক্তিত্ব মনজুরুল আহসান বুলবুলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সেই সাথে তিনি আশা প্রকাশ করে বলেন, তিনি গণমাধ্যম জগতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে ওই জগতকে যেমন করেছেন আলোকিত, সেই সাথে নিজের পরিচিতি তুলে ধরেছেন একজন আলোকিত মানুষ হিসেবে, তেমনি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি আশাকেও আরও শ্রেষ্ঠ ও আলোকিত প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবেন। তৃণমূলের আর্থ-সামাজিক উন্নয়নের মাধ্যমে আশাকে আরও এগিয়ে নিবেন বহুদূর। এজন্য তিনি তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। একই আশা প্রকাশ করেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক, সাংবাদিক ও সমাজ সংগঠক মোহাম্মদ জুবায়ের রহমান।
আশার চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় গণমাধ্যম ব্যাক্তিত্ব মনজুরুল আহসান বুলবুলের প্রতি আরও শুভেচ্ছা জানিয়েছেন ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এফ এম এ সালাম ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, শেরপুর জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু, শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান ও সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জাহান শাপলা, শেরপুর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ইমাম হোসেন ঠান্ডু, শেরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মানিক দত্ত ও সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জ্বল, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাকিম বাবুল প্রমুখ।

এর আগে মনজুরুল আহসান বুলবুল আশার পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ১৮ সেপ্টেম্বর রবিবার সংস্থার ৪৩তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) সর্বসম্মতিক্রমে তাকে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান করা হয়। আশা দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্য নিয়ে ১৯৭৮ সালে যাত্রা শুরু করে। দেশের ৬৪টি জেলায় ৩২ হাজারের বেশি ব্র্যাঞ্চ কার্যালয়ের মাধ্যমে আশার কার্যক্রম পরিচালিত হয়েছে। বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার, কম্বোডিয়া, ফিলিপাইন, নাইজেরিয়া, ঘানা, কেনিয়া, তানজানিয়ায় ক্ষুদ্রঋণ বিতরণ করছে এ সংস্থাটি।
উল্লেখ্য, মনজুরুল আহসান বুলবুল ১৯৫৯ সালের ৩০ নভেম্বর শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আমজাদ হোসেন তালুকদার। মায়ের নাম বেগম রওশন আরা। তিনি বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি ও মহাসচিব পদে একাধিকবার নির্বাচিত হয়েছেন এবং সফলভাবে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে তিনি একুশে টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করেন। এছাড়া এটিএন বাংলা, বৈশাখী টিভিসহ বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন তিনি। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য মনজুরুল আহসান বুলবুল ২০২০ সালে বাংলা একাডেমির সম্মানসূচক ফেলোশিপ অর্জন করেন।









