শেরপুরের নালিতাবাড়ীতে চালককে অজ্ঞান করে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে র্দুবৃত্তরা। ১৯ সেপ্টেম্বর সোমবার বিকেলে উপজেলার বারমারী এলাকার বটতলা মিশন মোড়ে ওই ছিনতাইয়ের ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার ওই অটোচালকের নাম রিপন মিয়া (৩৬)। তিনি জেলার শ্রীবরদী উপজেলার সরকারদি গ্রামের ইসহাকের পুত্র।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার বিকেলে বারমারী বটতলা মিশন মোড় এলাকায় রিপন মিয়াকে অজ্ঞান অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন স্থানীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোকজন। ওইসময় তাকে উদ্ধার করে বারমারী অটোবাইক শ্রমিক ইউনিয়ন অফিসে নিয়ে আসা হয়। পরে তার পরিবারের স্বজনদের কাছে মোবাইলে ওই ঘটনা জানানো হলে স্বজনরা রিপনকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।
এদিকে, নালিতাবাড়ীতে মাঝে মধ্যেই অটোরিকশা ছিনতাই ও অটোচালকের লাশ উদ্ধারের ঘটনা ঘটে চলেছে। ওইসব ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অটোবাইক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।

এ ব্যাপারে নালিতাবাড়ী থানা পুলিশের এসআই আব্দুস সালাম বলেন, রিপনকে উদ্ধার করে চিকিৎসার জন্য তার স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে। তার জ্ঞান ফিরলে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।




