শেরপুরের নকলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজমা আক্তার নাজু (২২) নামে এক গৃহিণীর মৃত্যু হয়েছে। ২০ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার কুর্শাবাদাগৈড় গ্রামের কনিয়াপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। নাজমা আক্তার ওই এলাকার মুদি দোকানদার আশকর আলীর ছোট মেয়ে এবং ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার হাটপাগলা গ্রামের কাঠমিস্ত্রী আলমগীর হোসেনের স্ত্রী। নিহত নাজমা ও আলমগীর হোসেনের ঘরে দেড় বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

জানা গেছে, নাজু তার স্বামী-সন্তানসহ দীর্ঘদিন ধরে তার বাবার বাড়িতে বসবাস করতেন। নাজু ভাত রান্না করার জন্য মঙ্গলবার দুপুর ১২টার দিকে রাইস কুকারের বৈদ্যুতিক সুইচ চাপতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নকলা থানার পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল করার পরে লাশ থানায় নিয়ে যায়।
নিহতের স্বামীসহ পরিবারের সদস্যরা জানান, বিনা ময়নাতদন্তে লাশ দাফনের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদনের প্রক্রিয়া চলছে।

এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুশফিকুর রহমান বলেন, ওই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।




