শেরপুরে পিতৃহারা এক এসএসসি পরীক্ষার্থীকে ভয়ভীতি দেখিয়ে তার নামে থাকা সম্পত্তি হাতিয়ে নেয়ার অভিযোগ ওঠেছে। এছাড়া নিরাপত্তাহীনতার কারণে চলতি এসএসসি পরীক্ষাতেও অংশ নিতে পারেননি ওই পরীক্ষার্থী। ১৮ সেপ্টেম্বর রবিবার দুপুরে শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তার দাদী, ফুপু ও কাকা-কাকীর বিরুদ্ধে এসব অভিযোগ করেন এসএসসি পরীক্ষার্থী মো. রুদ্র মিয়া (১৭)। রুদ্র শহরের নবীনগর এলাকার মৃত নবীকুল ইসলামের একমাত্র সন্তান।

লিখিত বক্তব্যে ভুক্তভোগী রুদ্র মিয়া বলেন, তারা বাবা নবীকুল ইসলাম ২০০৬ সালে এক মারামারিতে মারা যান। বাবার মৃত্যুর পর ২০০৬ সালে তার দাদা মৃত আব্দুল গণি মিয়া রুদ্রর নামে শেরপুর জেলার বয়রা পরানপুর মৌজার বিআরএস খতিয়ান নং ১৩৫৬, বিআরএস দাগ নং ১৩৫ এর মোট ২৫ শতাংশ জমির মধ্যে সোয়া ছয় শতাংশ এবং অন্যান্য দাগেসহ মোট সাড়ে ১৯ জমি দলিলমূলে লিখে দেন। কিন্তু সকল দলিল তার দাদী জয়গুণ বিবি, ফুপু শিল্পী বেগম, চাচা মিলন ও চাচি স্বপ্না বেগম অসৎ উদ্দেশ্যে নিজেদের কবজায় রেখে দিয়েছে। এছাড়া বাবার মৃত্যুর পর মৃত্যুজনিত মামলায় আপোস-মিমাংসা বাবদ প্রাপ্ত ১৫ লক্ষ টাকাও আত্মসাত করেছে। একইসাথে তারা জমি আত্মসাত করার জন্য জালিয়াতির মাধ্যমে রুদ্রর বয়স বাড়িয়ে দিয়ে জোরপূর্বক নবীনগর এলাকার ৭ম শ্রেণিপড়ুয়া এক নাবালক মেয়ের সাথে বিয়ে দিয়েছে।
রুদ্র আরও বলেন, তার এবছর এস.এস.সি পরীক্ষা দেওয়ার কথা থাকলেও পারিবারিক অশান্তি ও তাদের ভয়ে নিরাপত্তাহীনতায় বর্তমানে এখন নানীর বাড়ি আশ্রয় নেওয়ায় এ বছর পরীক্ষায় অংশ নিতে পারেনি। তাকে পাগল বানিয়ে বেড়ি পড়ানোর হুমকিও দিয়ে আসছে তারা। এজন্য নিজেকে রক্ষায় নানীর বাড়িতে আশ্রয় নিয়েছেন। বর্তমানে তিনি ও তার নানীর পরিবার জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন বিধায় এ ব্যাপারে সদর থানায় শিঘ্রই সাধারণ ডায়েরি করবেন বলেও জানান তিনি।

তবে অভিযোগ অস্বীকার করে রুদ্রর দাদী জয়গুণ বেগম, ফুপু শিল্পী বেগম ও চাচা মিলন মিয়া বলেন, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তার জমি সব এখানেই আছে। কেউ বিক্রি করতে চায়নি। সে ১৫দিন আগে নানীর বাড়ি চলে গিয়ে তাদের প্ররোচনায় এসব কথা বলছে। তার থাকার জন্য দাদী জয়গুণ বেগম ঘরও ছেড়ে দিতে চেয়েছেন, কিন্তু সে মা ও নানীর প্ররোচনায় এখানে এখন থাকতে চায় না।
১৫ লক্ষ টাকার বিষয়ে তারা বলেন, তার মা অন্যত্র বিয়ে করেছে, আমরাই তাকে লালন-পালন করেছি। এতে তো অনেক খরচ হয়েছে। তখন তো কেউ খোঁজ নেয়নি। বিয়ের প্রসঙ্গে তারা বলেন, জোর করে নয়, তার সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শেই তাকে বিয়ে করানো হয়েছিল।









