শেরপুরের ঝিনাইগাতীতে মোছা. জোনাকী (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের ডাকুরপাড় গ্রাম থেকে ওই লাশ উদ্ধার করা হয়। জোনাকি ওই গ্রামের আলেক জামালের স্ত্রী ও ২ সন্তানের জননী।

এদিকে ওই ঘটনার পর থেকে জোনাকির শ্বশুরবাড়ির লোকজন গা ঢাকা দিয়েছে। খবর পেয়ে শেরপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) আফরোজা নাজনীনসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ ও নিহতের পারিবার সূত্রে জানা গেছে, প্রায় ৬ বছর আগে ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের চেঙ্গুরিয়া গ্রামের আব্দুল জলিলের মেয়ে জোনাকির বিয়ে হয় একই ইউনিয়নের ডাকুরপাড় গ্রামের আলেক জামালের সাথে। বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই ছিল। গত ৬ আগস্ট জোনাকি সন্তান প্রসবকালীন সময় কাটিয়ে স্বামীর বাড়িতে আসেন।
জোনাকির বড়বোন জেসমিন বেগম জানান, বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে লোকমুখে সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে জোনাকির ঝুলন্ত লাশ দেখতে পান। তিনিসহ পরিবারের লোকজনের দাবি, জোনাকিকে হত্যা করা হয়েছে।

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূঁইয়া বলেন, খবর পেয়ে জোনাকির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। তিনি আরও জানান, এখনও পর্যন্ত ওই ঘটনায় কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।




