জেলা পরিষদের আসন্ন নির্বাচনে শেরপুরে এবারও দলীয় প্রার্থী হচ্ছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি। ৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত এ্যাডভোকেট চন্দন কুমার পালসহ দলের ৪ জন নেতা রাজধানী ঢাকাস্থ দলের সভাপতির কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন। তবে এবারও দলীয় মনোনয়ন পাচ্ছেন চন্দন কুমার পালই- এমন তথ্যই দলীয় সূত্রসহ বিভিন্ন দায়িত্বশীল সূত্রের।

জানা যায়, জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৭ সেপ্টেম্বর বুধবার বিকেলে রাজধানী ঢাকার ধানমণ্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির কার্যালয় থেকে জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ আতিউর রহমান আতিক এমপিকে সাথে নিয়ে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন আওয়ামী লীগ নেতা চন্দন কুমার পাল। এরপর একইদিন সন্ধ্যায় তিনি হুইপ আতিককে সাথে নিয়েই মনোনয়নপত্র জমা দেন। ওইসময় জেলা আইনজীবী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোখলেছুর রহমান আকন্দ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, সাংস্কৃতিক সম্পাদক আনিসুর রহমান, আইন বিষয়ক সম্পাদক শাহ মো. মনিরুল ইসলাম নাহিদ, শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ মাহবুবুর রহমান সুজা, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট তারিকুল ইসলাম ভাসানী, জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসরিন রহমান, শহর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আঞ্জুমান আলম লিপিসহ বেশ কয়েকজন দলীয় নেতা উপস্থিত ছিলেন।
এদিকে একইদিন সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসরিন রহমানও দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দেন। আর বৃহস্পতিবার দলীয় মনোনয়নপত্র জমা দেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সাংগঠনিক সম্পাদক, জেলা পরিষদের বিদায়ী প্রশাসক হুমায়ুন কবীর রুমান। ওইসময় সাবেক উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী শামছুন্নাহার কামাল, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাটসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক দলের কয়েকজন কেন্দ্রীয় নেতা এবং একাধিক দায়িত্বশীল সূত্রমতে, গত নির্বাচনে দলীয় প্রধান শেখ হাসিনা শেরপুরে দলের ত্যাগী ও পরীক্ষিত নেতা এ্যাডভোকেট চন্দন কুমার পালকে মনোনয়ন দিয়েছিলেন। কিন্তু দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে হুমায়ুন কবীর রুমান বিদ্রোহী প্রার্থী হওয়ায় হেরে যান চন্দন।
কাজেই এবার কোন বিদ্রোহীকেই জেলা পরিষদে মনোনয়ন দেওয়া হচ্ছে না। দলের অপর আরও ২ নেতা ভিন্ন কৌশল আঁটতেই মনোনয়ন জমা দিয়েছেন। কাজেই এবারও দলীয় মনোনয়ন জুটছে চন্দনের ভাগ্যেই। শুক্রবার সন্ধ্যায় ঘোষিত হবে দলীয় প্রার্থী।









