‘মাদককে রুখব, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ব’ এ প্রতিপাদ্যকে ধারণ করে শেরপুরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত পরিকল্পনা প্রণয়ণ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৬ সেপ্টেম্বর মঙ্গলবার শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সুরক্ষা বিভাগের সহযোগিতায় স্থানীয় সার্কিট হাউজ মিলনায়তনে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সাহেলা আক্তার। ওইসময় তিনি বলেন, সরকার মাদকমুক্ত বাংলাদেশ গড়তে দৃঢ় প্রতিজ্ঞ। যুব সমাজ তথা জাতিকে মাদকের ভয়াবহতার হাত থেকে রক্ষায় মাদকবিরোধী সর্বাত্মক সামাজিক সচেতনতার বিকল্প নেই।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক এটিএম শওকত ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দিক, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এজেড মোরশেদ আলী ও জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমেদের সঞ্চালনায় কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ খোরশীদ আলম। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এবং অপব্যবহার রোধে কর্মশালায় অংশগ্রহণকারীদের গ্রুপওয়ারী প্রস্তাবনা ও পরিকল্পনা উপস্থাপন করা হয়।
কর্মশালায় জেলার সকল উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মেয়র, শিক্ষা কর্মকর্তা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণসহ জেলায় কর্মরত গণমাধ্যম প্রতিনিধি উপস্থিত ছিলেন।









