শেরপুরের ঝিনাইগাতীতে খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে ইসমাইল হোসেন অন্তর (১৮) নামে এক কলেজছাত্র। ৩১ আগস্ট বুধবার দুপুরে উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের বানিয়াপাড়া বুড়াপীরের দরগাহ খালে ওই ঘটনা ঘটে।

নিহত অন্তর উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের আব্দুল কাশেমের ছেলে। সে শেরপুরের ডা. সেকান্দর আলী কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলো।
জানা যায়, বুধবার দুপুর দেড়টার দিকে কলেজছাত্র অন্তর দুপুরে বাড়ির পাশে বুড়াপীর দরগাহ খালে গোসল করতে যায়। কিন্তু অল্প পানিতে গোসল করতে গিয়ে হঠাৎ তার পা পিছলে বেশি পানিতে চলে যায় সে। সাঁতার না জানায় সে মুহূর্তেই পানিতে ডুবে যায়। পরে আশপাশের লোকজন ছুটে গিয়ে তাকে খাল থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক অন্তরকে মৃত ঘোষণা করেন।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খালে গোসল করতে গিয়ে ওই কলেজ ছাত্র পানিতে ডুবে মারা গেছে। ওই থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।




