শেরপুরে একটি স্কুলের টয়লেট থেকে রিমন হাসান (১৪) নামে এক ছাত্রের নগ্ন লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৬ আগস্ট শুক্রবার দুপুরে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের ভীমগঞ্জ এলাকার ড্যাফোডিল প্রিপারেটরি এন্ড হাই স্কুলের একটি টয়লেট থেকে ওই লাশ উদ্ধার করা হয়। নিহত রিমন পার্শ্ববর্তী খুনুয়া মধ্যপাড়া গ্রামের মো. সাগর মিয়ার ছেলে এবং ওই স্কুলেরই অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের খুনুয়া মধ্যপাড় এলাকার দরিদ্র ভ্যানচালক সাগর মিয়া ও মা রশিদা বেগমের চার ছেলের মধ্যে রিমন দ্বিতীয়। বৃহস্পতিবার দিনে রিমন ড্যাফোডিল প্রিপারেটরি এ্যান্ড হাইস্কুলের পরীক্ষায় অংশগ্রহণ করে। বিকেলে মাঠে বন্ধুদের সাথে ক্রিকেট খেলে বাড়ি গিয়ে খাওয়া-দাওয়া করে আবার বাইরে বের হয় রিমন। সে মাঝে-মধ্যেই না বলে নানা বাড়ি গিয়ে থাকতো। তাই রাত পেরিয়ে গেলেও তার বাবা-মা কোন খোঁজ নেননি।
শুক্রবার সকালে ড্যাফোডিল প্রিপারেটরি এন্ড হাই স্কুলের নাইট গার্ড মো. শেখ ফরিদ স্কুলের টয়লেটে হাত-মুখ ধুতে গিয়ে নগ্ন ও কাদামাটি মাখা অবস্থায় এক কিশোরের লাশ পড়ে থাকতে দেখে স্কুলের পরিচালক মো. চান মিয়াকে খবর দেন। পরে তার মাধ্যমে সংবাদ পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন। এদিকে লাশ উদ্ধারের খবর পেয়ে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), জামালপুর ও অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), ময়নসিংহের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

রিমনের বাবা-মা জানান, কিছুদিন ধরে পার্শ্ববর্তী একটি মেয়ের সাথে সম্পর্ক ছিল রিমনের। সে ওই মেয়ের সাথে ফোনে কথা বলতো। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তারা ধারণা করতে পারছেন না। তারা কান্নাজড়িত কণ্ঠে তাদের ছেলের এমন নৃশংস হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।
সিআইডি ক্রাইমসিন ইউনিট, ময়মনসিংহের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ইউসুফ জানান, রিমনের শরীরের আঘাতের চিহ্ন থাকায় ধারণা করা হচ্ছে তাকে কোন আক্রোশবশতঃ হত্যা করা হয়েছে। তার গলাতেও দাগ রয়েছে।
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বলেন, ওই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহত রিমনের পুরো শরীর কাদামাখা ছিল। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ হত্যারহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তপূর্বক আটকের চেষ্টা করছে।









