শেরপুরের শ্রীবরদীতে ভেজালবিরোধী অভিযান চালিয়ে ৫ ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিককে ২৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ২২ আগস্ট সোমবার শ্রীবরদী পৌর শহরে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেন জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রুবেল আহমেদ।

অভিযানকালে অনুমোদনবিহীন রং দিয়ে তৈরি বিভিন্ন প্রকার শিশুখাদ্য পাওয়ায় ডাকবাংলোর রোডের মোস্তফা স্টোরকে ৮ হাজার টাকা, মিজান স্টোরকে ১০ হাজার টাকা, পৌর শহরের চাউলহাটি এলাকায় ২ চাল ব্যবসায়ীকে ৪ হাজার টাকা ও শ্রীবরদী সরকারি কলেজ রোডে নকল আসিয়া কোম্পানির পানি (ব্যাটারির পানি) বিক্রি করায় ৫ হাজার টাকাসহ সর্বমোট ২৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভেজালবিরোধী অভিযান পরিচালনাকালে শ্রীবরদী উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মো মাসুদুর রহমান, শ্রীবরদী থানার এসআই মো. রেজাউলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জনস্বার্থে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী পরিচালক রুবেল আহমেদ।




