শেরপুরের ঝিনাইগাতীতে ফাঁসিতে ঝুলে মায়া আক্তার মৌ (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রী আত্মহত্যা করেছে। ১৬ আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার নলকুড়া ইউনিয়নের শালচুড়া গ্রামে ওই ঘটনা ঘটে।

মৌ স্থানীয় আব্দুল মান্নানের মেয়ে ও শালচুড়া মহিলা মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে ওই মাদ্রাসা ছাত্রীর পিতা আব্দুল মান্নান ও মা বাড়ুতে ছিলো না। মৌ প্রতিদিনের মতো মাদ্রাসা ছুটির পর বাড়িতে চলে আসে। বাড়িতে অন্য কোন লোকজন না থাকায় সন্ধ্যার পর গলায় উড়না পেঁচিয়ে ঘরের ধর্ণার সাথে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। খবর পেয়ে থানা পুলিশ মায়া আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার করে। তবে কি কারণে মৌ আত্মহত্যা করেছে তার সঠিক কোন কারণ জানা যায়নি। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল আলম ভুইয়া বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।




