শেরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর জীবন ও কীর্তির উপর আলোচনা সভা, রচনা-চিত্রাঙ্কনসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।

১৫ আগস্ট সোমবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আতিউর রহমান আতিক এমপি।
জেলা প্রশাসক সাহেলা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক হুমায়ুন কবীর রুমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এজেড মোরশেদ আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রশীদ ও জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক কমান্ডার নুরুল ইসলাম হিরু। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ।

আলোচনা সভা শেষে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত রচনা, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের মাঝে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়। পরে ১৮ জন প্রশিক্ষিত যুবক-যুবতীর মাঝে ১২ লক্ষ ৫০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।




