শেরপুরের শ্রীবরদীতে রাত ৮টার পর দোকানপাট বন্ধ রাখার সরকারি নির্দেশ অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ১০টি দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

১৩ আগস্ট শনিবার রাতে শ্রীবরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতাউর রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত শ্রীবরদী বাজার, বটতলা বাজার, তেনাচিড়া বাজার, ভারেরা বাজার ও কুরুয়া বাজারে ওই অভিযান চালান। ওইসময় ১০টি দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করাসহ একটি প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতাউর রহমান বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারি নির্দেশনা অনুযায়ী রাত ৮টার পর হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসি ছাড়া সব ধরনের দোকান বন্ধ রাখতে বেশ কয়েকবার মাইকিংয়ের মাধ্যমে উপজেলায় প্রচার-প্রচারণা চালানো হয়েছে।

এরপরও যারা সরকারি নির্দেশনাকে অমান্য করে দোকান খোলা রেখেছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই ধরনের অভিযান চলমান থাকবে।




