শেরপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্যোগে গঠিত সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে সাংবাদিকদের চিকিৎসা সহায়তা ও করোনাকালীন প্রণোদনার ১২ লক্ষ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৩৬ জন সাংবাদিকের মাঝে চেক বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আতিউর রহমান আতিক এমপি।

ওইসময় তিনি বলেন, সাংবাদিকদের নিরপেক্ষ থাকতে হবে। অসংলগ্ন, মিথ্যাচার, বানোয়াট কথাবার্তা সাংবাদিকতা নয়। তিনি বলেন, খারাপ কিছু করলে অবশ্যই লিখবেন। কিন্তু ভাল কাজের কথা দুই লাইনও লিখবেন না এটা হয় না। তিনি সরকারের উন্নয়ন কর্মকাণ্ডও তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহবান জানান।
জেলা প্রশাসক সাহেলা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী ও জেলা তথ্য কর্মকর্তা তাহমিনা আক্তার দিনা।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন প্রমুখ। ওইসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফায়েল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, শেরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মানিক দত্ত, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জলসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এদিন ১৬ জন সাংবাদিককে ৫০ হাজার করে ৮ লাখ, দুইজনকে এক লাখ করে দুই লাখ ও ২০ জন সাংবাদিককে ১০ হাজার টাকা করে মোট ২ লাখ টাকাসহ ১২ লাখ টাকা অনুদান দেওয়া হয়।




