শেরপুরের নালিতাবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় সোহাগ (১৬) নামের এক এসএসসি পরীর্ক্ষাথী নিহত হয়েছেন। ১১ আগস্ট বৃহস্পতিবার বিকেলে উপজেলার বারমারী নন্নী তিনআনী মহাসড়কের বেকিকুড়া কাজীবাড়ি মোড় এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহাগ পশ্চিম সমশ্চুড়া উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থী ও একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে। এই ঘটনায় আলী আকবর (২৪) নামের আরেকজন গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার বিকেল চারটার দিকে সোহাগ ও তার বন্ধু আলী আকবর মিলে মোটরসাইকেলযোগে বারমারী বাজার থেকে নন্নী তিনআনী মহাসড়ক হয়ে বাড়ির দিকে যাচ্ছিল। পথিমধ্যে বেকিকুড়া কাজীবাড়ি মোড় এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার নিচে পড়ে যায়। এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহাগকে মৃত ঘোষণা করেন। সেইসাথে আলী আকবরকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ী থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।




