‘ভর্তুকি কমানো নয়, দুর্নীতি-লুটপাট বন্ধ করো, জ্বালানী খাতের ভুল নীতি, লুটপাটের দায় জনগণের উপর চাপানো যাবে না, জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করো’ এ শ্লোগানে জ্বালানি তেল ও সারের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার দাবিতে শেরপুরে জেলা জাসদের উদ্যোগে মানবন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১০ আগস্ট বুধবার দুপুরে শহরের ডিসি গেইট এলাকায় আয়োজিত ওই মানবন্ধন-সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জাসদের সভাপতি মনিরুল ইসলাম লিটন।

ওইসময় তিনি বলেন, জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বিশেষ করে ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি গণপরিবহন, কৃষিসেচসহ সামগ্রিক অর্থনীতি ও উৎপাদন মারাত্মক নেতিবাচক ও ক্ষতিকর প্রভাব ফেলবে। এর ফলে জনজীবনে দুর্ভোগ ও দুর্দশা বহুগুণ বেড়ে গিয়ে নাভিশ্বাস উঠবে। তাই বিভিন্ন খাতে অপচয়, লুটপাট, দুর্নীতি কঠোর হস্তে দমন করে ডিজেল, কেরোসিন, গ্যাসসহ নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার জন্য সরকারের কাছে দাবি জানান।
মানবন্ধন-সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাসদের সাধারণ সম্পাদক আবুল হোসেন আবু, সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব দে লব, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, শহর জাসদের সভাপতি মো. আসাদুজ্জামান লায়ন, সাধারণ সম্পাদক জুলহাস উদ্দিন, জেলা জাতীয় শ্রমিক জোটের সাধারণ সম্পাদক আরিফ হাসান, জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম নিশান প্রমুখ।

সমাবেশে জেলা জাসদ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।




