জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ উদযাপন উপলক্ষে শেরপুরে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেছে জেলা মৎস্য অফিস। ২৩ জুলাই শনিবার সকালে সদর উপজেলার ভাতশালা এলাকাস্থ জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে মৎস্য বিভাগের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন জেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল হক। ওইসময় জেলা মৎস্য বিভাগের সহকারী পরিচালক সুলতানা লায়লা তাসনীম, সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মমতাজুন্নেছা, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনসহ মৎস্য অফিসের অন্যান্য কর্মকর্তা ও জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হবে।

এবারের মৎস্য সপ্তাহের উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে র্যালি, আলোচনা সভা, প্রচার-প্রচারণা, সফল মৎস্যচাষী/উদ্যোক্তাকে পুরস্কার প্রদান, মাছের পোনা অবমুক্তকরণ, বাজার মনিটরিং, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, সুফলভোগীদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ এবং প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময় ইত্যাদি।




