শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে মো. হারুন অর রশিদ (৩৫) নামে এক হেরোইন বিক্রেতাকে এক গ্রাম হেরোইনসহ আটকের পর ভ্রাম্যমাণ আদালতে তাকে ৪ মাসের কারাদণ্ড ও ১শ টাকা জরিমানা করা হয়েছে।

১৮ জুলাই সোমবার সকালে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের ধোপাঘাট কড়ইতলা মোড়ে যৌথ মাদক বিরোধী অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত হারুন অর রশিদ ধোপাঘাট এলাকার মৃত ছোরহাব আলীর ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ধোপাঘাট কড়ইতলা মোড়ে সোমবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. এনামুল হক ও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আল আমীন মাদক বিরোধী যৌথ অভিযান চালায়। এসময় হেরোইন বিক্রেতা মো. হারুন অর রশিদকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে এক গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এঘটনায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আল আমীন মো. হারুন অর রশিদকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ ও ১শ টাকা জরিমানা আদেশ দিয়ে শেরপুর জেলা কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।




